দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মৃত রবিউল ইসলাম রবির মরদেহ ফেরত দেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে পতাকা বৈঠক শেষে তার মরদেহ ফেরত দেওয়া হয়।
মরদেহ ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
নিহত রবিউল ইসলাম রবি (৩৫) সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের এজাবুর রহমানের ছেলে।
বিজিবি অধিনায়ক বলেন, রাতে জহুরপুরটেক সীমান্তে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের পর রবিউলের মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় দুই দেশের পুলিশ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, মৃত রবিউল ইসলাম রবি মৃগি রোগী ছিলেন। চোরাচালানের উদ্দেশে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার পর বিএসএফের হাতে আটক হয়। বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়ার পর হঠাৎ খিচুনি দিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। দুই দফা পতাকা বৈঠকের এমন দাবি করে বিএসএফ।
এর আগে, রোববার (৪ জানুয়ারি) রাত ৪টার দিকে তীব্র শীত উপেক্ষা করে সীমান্ত অতিক্রম করে আরও কয়েকজন চোরাকারবারির সঙ্গে ভারতে যান রবিউল ইসলাম রবি। এসময় বিএসএফের হাতে আটক হন তিনি। এরপর বিএসএফের একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে অসুস্থ হলে তাকে নেওয়া হয় ভারতের একটি হাসপাতালে সেখানেই মারা যান রবিউল ইসলাম। পরে ময়নাতদন্ত ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তার মরদেহ ফেরত দেয় বিএসএফ।
আরএ