দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, আপোশহীন ও সাহসী জননেত্রী ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমন মন্তব্য করেছেন শেরপুর-৩ আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
সোমবার (৫ জানুয়ারি) সকালে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানায় আয়োজিত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদুল হক রুবেল বলেন, ব্যক্তিগত জীবনে সীমাহীন ত্যাগ ও বেদনাকে ধারণ করেও বেগম খালেদা জিয়া কখনো স্বৈরাচারী শক্তির কাছে মাথা নত করেননি। নির্যাতন, শোষণ ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে তিনি ছিলেন অবিচল ও দৃঢ়প্রতিজ্ঞ। তার রাজনৈতিক জীবন ত্যাগ ও সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের সর্বস্তরের মানুষ গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে। জাতি তার আত্মার মাগফেরাত কামনা করছে।
অনুষ্ঠান শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় তিনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক শিক্ষার বিকাশে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি অতীতেও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিগাতলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা পর্ষদের সভাপতি মো. মিজানুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্নান হিরা, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল মমিন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
জে আই