দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চার পুলিশ সদস্য আহত হন এবং পুলিশের দুটি ভ্যান ও একটি সিএনজি ভাঙচুর করা হয়। ঘটনার পর অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে প্রধান মাদক কারবারি জাহাঙ্গীর ও তার সহযোগী রাজীব পালিয়ে যেতে সক্ষম হয়।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মাওনা পিয়ার আলী কলেজের উত্তর পাশে (মাস্টার বেকারি সংলগ্ন) মাদক কারবারি জাহাঙ্গীরের বাড়ির সামনে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল জাহাঙ্গীর, তার সহযোগী রাজীব ও লাকি আক্তারকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তারা চিৎকার শুরু করলে আশপাশের শতাধিক নারী-পুরুষ রামদা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ কুমার বিশ্বাস, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ, কনস্টেবল আজিজুল ও মোশারফ আহত হন। গুরুতর আহত কনস্টেবল মোশারফ ছুরিকাঘাতে জখম হন। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
হামলার সুযোগে মাদক কারবারি জাহাঙ্গীর (৩২) ও তার সহযোগী রাজীব পালিয়ে যায়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার এবং তিনটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে শ্রীপুর থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পরবর্তীতে খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পুলিশের দুটি পিকআপ ভ্যান ও পুলিশের ব্যবহৃত একটি সিএনজি ভাঙচুর করে। পরে অভিযান চালিয়ে দুই নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, লাকি আক্তার (২৮), জামাল (৩৪), কামাল (৪৩), আসিফ (২০), আশিক (২৪), মুন্না (২০), ফয়জুল্লাহ (২৬), শিল্পী আক্তার (৩০), লিমন (১৮) ও আক্কাস (২৯)।
এ ঘটনায় এসআই অরূপ কুমার বিশ্বাস বাদী হয়ে মাদক, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার ১০ জনসহ মোট ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৯০ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ২টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ নাছির আহমদ বলেন, হাতকড়াসহ দুই আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি সঠিক নয়। তবে তারা হামলার সুযোগে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জে আই