দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই। রাষ্ট্রীয় শোক দিবস উপলক্ষে এ বছর কোনো বিদ্যালয়ে আনুষ্ঠানিক বই বিতরণ উৎসবের আয়োজন করা হয়নি। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ সম্পন্ন করে।
নতুন বই পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা গেছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস। অনেক শিক্ষার্থী নতুন বইয়ের গন্ধ ও রঙিন মলাট পেয়ে তাদের অনুভূতির কথা প্রকাশ করে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে ভোলা জেলায় প্রাথমিক ও মাধ্যমিক স্তর মিলিয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৩২ হাজার ৬৩৫ জন। এদের মধ্যে প্রাথমিক স্তরের ২ লাখ ৮৬ হাজার ৪২০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে মোট ১১ লাখ ৭৩ হাজার ৯৯৮টি বই। প্রাথমিক পর্যায়ে শতভাগ শিক্ষার্থী বই পেলেও মাধ্যমিক স্তরে কিছু বই এখনও চাহিদা অনুযায়ী পৌঁছায়নি।
অন্যদিকে মাধ্যমিক স্তরের ৩ লাখ ৪৬ হাজার ২১০ জন শিক্ষার্থীর জন্য বরাদ্দ করা হয়েছে ২৫ লাখ ৫৫ হাজার ৬৫৫টি পাঠ্যবই।
জেলার ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ মোট ১ হাজার ৫৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানদের তত্ত্বাবধানে নতুন বই বিতরণ করা হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে শান্ত ও সুশৃঙ্খল পরিবেশে বই গ্রহণ করে।
শিক্ষা সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দ্রুত সময়ের মধ্যেই মাধ্যমিক স্তরের অবশিষ্ট বই সরবরাহ সম্পন্ন হবে এবং শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি নিয়ে নতুন শিক্ষাবর্ষ শুরু করতে পারবে।
জে আই