দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় দীর্ঘদিনের জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় জমির উদ্দিন (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (২৮ ডিসেম্বর) নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন শেষে বিকেলে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে সন্ধ্যা ৬টায় খলাগাঁও বাজারসংলগ্ন শাহজালাল জামিয়া ইসলামিয়া গৌরনগর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়।
আটক জমির উদ্দিন বর্তমানে পুলিশি প্রহরায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামের মৃত আব্দুস সবুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল (মাঠগুদাম) গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহতরা হলেন, কুয়েতফেরত জামাল উদ্দিন (৫৫) ও তার ছোট ভাই কৃষক আব্দুল কাইয়ুম (৪৮), তারা দুজনই মৃত নিমার আলীর ছেলে।
জানা গেছে, নিহত দুই ভাইয়ের সঙ্গে জমির উদ্দিন গংদের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় জামাল উদ্দিনদের বাড়ির পাশের ফসলি জমিতে আব্দুল কাইয়ুমের সঙ্গে প্রতিপক্ষের বাকবিতণ্ডা হয়। বিষয়টি জানতে পেরে বড় ভাই জামাল উদ্দিন ঘটনাস্থলে গেলে একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হন।
হামলার সময় প্রতিপক্ষের জমির উদ্দিনও আহত হন। প্রথমে তাকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল উদ্দিনের স্ত্রী হালিমা বেগমসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। অপরদিকে আব্দুল কাইয়ুমের স্ত্রী, দুই ছোট ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে দুই পরিবারই চরম শোক ও অনিশ্চয়তায় পড়েছে।
নিহতদের স্বজনদের অভিযোগ, এই হত্যাকাণ্ডে জমির উদ্দিন ছাড়াও কামাল, দোয়েল, জয়নাল, সামছুল, বদরুলসহ আরও কয়েকজন জড়িত। তারা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান রোববার সন্ধ্যায় জানান, নিহত দুই ভাইয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আহত অবস্থায় একজনকে আটক করা হয়েছে। দাফন শেষে নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।
এদিকে নৃশংস এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জে আই