দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য, উত্তর জেলা বিএনপি এবং ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব শাহ্ নুরুল কবীর শাহিন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি শাহ্ নুরুল কবীর শাহিন। এসময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বরাবর পাঠানো পদত্যাগ পত্রের একটি কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমার ব্যক্তিগত অসুবিধা থাকায় আমি (শাহিন) দলের সকল পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। তাই আমি দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করলাম।
শাহ্ নুরুল কবীর শাহিন ঈশ্বরগঞ্জ পৌর শহরের কাকনহাটি গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের প্রয়াত শাহ্ নুরুল হুদার ছেলে।
সংবাদ সম্মেলনে শাহ্ নুরুল কবীর শাহিন বলেন, আমি ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ৪৩ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। ২০০১ সালে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে ঈশ্বরগঞ্জবাসীর সুখে-দুঃখে পাশে থেকেছি। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনেও আমি ভোটের মাঠে থাকবো।
আপনি আট দলীয় জোট কিংবা অন্য কোনো দল থেকে নির্বাচনে অংশ নেবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শাহিন বলেন, অনেক দলই আমাকে অফার করছে। কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। তবে আমি ভোটের মাঠে থাকবো।
উল্লেখ্য, গত (১৮ ডিসেম্বর) সাবেক এমপি শাহিন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন কিনে ভোটের মাঠে আলোচনায় আছেন। এদিকে বিএনপির মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে।
/অ