দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরে এক নারীকে (২৫) সংঘবদ্ধ ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে টাকা দাবি ও মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলায় প্রধান আসামি মো. মারুফ খানকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার উত্তর নরসিংপুর এলাকা থেকে র্যাব-৮ বরিশাল ও র্যাব-১১ নারায়ণগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।
গ্রেপ্তারকৃত মো. মারুফ খান (২৫) শরীয়তপুর সদর উপজেলার ধানুকা গ্রামের দক্ষিণ মধ্যপাড়া এলাকার রাজ্জাক খানের ছেলে।
মামলার এজাহার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ভুক্তভোগী একজন বিবাহিতা ও দুই সন্তানের জননী। স্বামীর সঙ্গে দীর্ঘদিনের মনোমালিন্যের সূত্র ধরে প্রায় তিন বছর আগে তার সঙ্গে সজিব গাজী (১৯) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ ডিসেম্বর বিকেলে তারা মাদারীপুরে ঘোরাফেরা শেষে সন্ধ্যার দিকে শরীয়তপুরে ফেরার সময় বন বিভাগ কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন ব্যক্তি তাদের পরিচয় জানতে চেয়ে মারধর করে বন বিভাগের ভেতরের বাগানে নিয়ে যায়। সেখানে ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং তার সঙ্গে থাকা যুবককে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেপ্তারে র্যাব-৮ এর অধিনায়ক নির্দেশনায় সিপিসি-৩ মাদারীপুর গোয়েন্দা তৎপরতা শুরু করে। বিশ্বস্ত সূত্র ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে নারায়ণগঞ্জে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এজাহারনামীয় এক নম্বর আসামি মারুফ খানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পালং মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে র্যাব-৮ মাদারীপুরের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, শরীয়তপুর পালং মডেল থানা কর্তৃক আমাদের কাছে আবেদন আসলে আসামিদের গ্রেপ্তারে কাজ শুরু করি। এরপর র্যাব-১১ নারায়ণগঞ্জের একটি টিমকে সঙ্গে নিয়ে যৌথ অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করি। পরে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পালং মডেল থানায় হস্তান্তর করি।
আরএ