দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফলের দোকানে অটোরিকশার ধাক্কা লাগা নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০ জন আহত হয়ে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মোড়ে উপজেলার চানমনি পাড়া গ্রামের রওশন আলীর ছেলে ইউসুফের একটি ফলের দোকান রয়েছে। দুপুরে তার দোকানের সামনে একই উপজেলার সৈয়দটুলা গ্রামের সামাদ মিয়ার ভাতিজা (নাম পাওয়া যায়নি) তার অটোরিকশা দাঁড় করিয়ে রাখে।
এ সময় ইউসুফ দোকানের সামনে থেকে অটোরিকশা নিয়ে চালককে সরে যেতে বলেন। পরে ওই অটোচালক তার অটোরিকশাটি সরিয়ে নেওয়ার সময় ফলের দোকানে এবং চানমনি পাড়া গ্রামের নুরুল আলম নামে এক ব্যক্তির গরুর সঙ্গে ধাক্কা লাগে। এ নিয়ে ইউসুফ ও নুরুল আলমের সঙ্গে ওই অটোচালকের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরই জেরে সৈয়দটুলা ও চানমনি পাড়া গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।
সরাইল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সংঘর্ষ এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এবি/