দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২৩ বছর ধরে আত্মগোপনে থাকা রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের শাকপালা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হাফিজুর রহমান (৫৫)। তিনি বগুড়ার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
পুলিশ জানায়, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ দায়ের হওয়া একটি ধর্ষণ মামলায় আদালত হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। রায় ঘোষণার পর তিনি আদালতে আত্মসমর্পণ না করে ছদ্মনাম ও ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকেন।
মামলা সূত্রে জানা যায়, রংপুরের এক তরুণীকে পালিয়ে বিয়ে করেন হাফিজুর। এ ঘটনার পর তরুণীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ট্রাইব্যুনাল তাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রদান করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতাউর রহমান বলেন, দীর্ঘ পর্যবেক্ষণ, গোপন অনুসন্ধান এবং তথ্য বিশ্লেষণের মাধ্যমে অবশেষে হাফিজুরের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পরে ছিলিমপুর পুলিশ ফাঁড়ির টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
গ্রেপ্তারের পর সোমবার হাফিজুর রহমানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জে আই/ আরএ