দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে গণপিটুনিতে ফখরুল ইসলাম মঞ্জু (২৫) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন।
সোমবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত মঞ্জু উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আব্দুল বারী। তিনি জানান, নিহত যুবক একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তবে নিহতের পরিবারের দাবি, তাকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহতের বড় বোন শাহনাজ আক্তার জানান, ভোর ৭টার দিকে মঞ্জু আমার অসুস্থ মেয়ে টুম্পাকে দেখতে আমাদের বাড়িতে আসে। সেখান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা ১৫/২০ জন কিশোর গ্যাং সদস্য তাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। পূর্বশত্রুতার জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দা আব্দুল মোতালেব দাবি করেন, আজ সকালে তার ছেলে মিজানুর রহমান ২০ লাখ টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশ্যে বের হয়। যাত্রা পথে উপজেলার নিহত মঞ্জু ও তার সহযোগীরা আমার ছেলেকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেয়। খবর পেয়ে স্থানীয়রা মঞ্জুকে গণপিটুনি দিলে মারা যায়। তাৎক্ষণিক বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবদুল বারী জানান, প্রাথমিক তদন্তে আমরা গণপিটুনির তথ্য পেয়েছি। নিহতের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরকসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এলাকায় তার বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জনঅসন্তোষে তাকে গণপিটুনি দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এবি/