দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার একটি ফার্মেসীতে গিয়ে পিস্তল প্রদর্শন ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জেলা যুবলীগের এক নেতার স্ত্রী লিজা আক্তারের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঘটনার সিসিটিভি ভিডিও প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এই ঘটনায় মিনহাজ ফার্মেসীর মালিক মো. কাউসার বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আবু কাউসার চলতি বছরের ৫ আগস্ট রাজনৈতিক মামলায় আসামি হলে তিনি পলাতক হন। এ সময় তার প্রথম স্ত্রী লিজা আক্তারকে অজ্ঞাত রেখে তিনি গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দীর্ঘদিন গোপন থাকা ওই বিয়ের খবর সম্প্রতি জানতে পারেন লিজা আক্তার। এরপর দ্বিতীয় স্ত্রী পলাতক যুবলীগ নেতার সঙ্গে থাকায় তাকে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন তিনি।
এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রীর ভাই মিনহাজ ফার্মেসীতে চাকরি করেন এ খবর পেয়ে সেখানে যান লিজা আক্তার। তাকে না পেয়ে দোকানের কর্মীদের সামনে নিজের ভ্যানিটি ব্যাগ থেকে একটি পিস্তল বের করে গুলি করে হত্যার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ফার্মেসীর মালিক মো. কাউসার বলেন, যুবলীগ নেতা আবু কাউসারের প্রথম স্ত্রী আমার দোকানে এসে তার দ্বিতীয় স্ত্রীর ভাইকে খুঁজছিলেন। পরে না পেয়ে তিনি আমাকে এবং আমার স্টাফদের পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেন। নিরাপত্তার স্বার্থে আমি থানায় অভিযোগ করেছি।
তবে এই বিষয়ে অভিযুক্ত লিজা আক্তারের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিনকে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
জে আই