দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, নারীর ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মেয়ে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রবর্তন করে শিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার ঘোষিত ৩১ দফা কর্মসূচিতে নারীর ক্ষমতায়নের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন।
শনিবার(২২ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সমাজে নারী ও শিশুদের অগ্রাধিকার’ শীর্ষক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন বগুড়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বক্তব্যে সেলিমা রহমান বলেন, নারীদের অংশগ্রহণ ছাড়া কোনো দেশের অর্থনীতি সম্পূর্ণভাবে সচল হতে পারে না। বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবে সাধারণ মানুষ।
তিনি জানান, দেশের শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ এবং আঞ্চলিক উন্নয়নে বিএনপি ইতোমধ্যেই সুস্পষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় মানেই নারীর ক্ষমতায়নসহ তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন যা দেশের সামগ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি বহন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী। এ সময় বগুড়া-৪ আসনের বিএনপি প্রার্থী মোশারফ হোসেন অতিথিদের সঙ্গে নিয়ে ধানের শীষের প্রতীক উন্মোচন করেন এবং সকলের কাছে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চাঁন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহজাদী, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক এনামুল হক সুমনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
জে আই