দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিএনপির দুটি গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যার পর উপজেলার ওছখালী জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের প্রার্থীতা পরিবর্তনের দাবিতে সাবেক সংসদ সদস্য ফজলুল আজিমের অনুসারীরা মশাল মিছিল কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচিতে অংশ নিতে তমরদ্দি ইউনিয়ন থেকে আজিমপন্থী নেতাকর্মীরা সন্ধ্যায় ওছখালী এলাকার দিকে রওনা হন।
আজিমপন্থী হাতিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইফতেখার হোসেন অভিযোগ করেন, ওছখালী বাজারের কাছে পৌঁছালে শামীমপন্থী নেতাকর্মীরা তাদের মিছিলে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে তাদের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। পরে আজিমপন্থীরা সংগঠিত হয়ে পাল্টা হামলা চালালে শামীমপন্থীরা পিছু হটে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, শামীমপন্থী হাতিয়া পৌরসভা যুবদলের সদস্য সচিব কাউছার মোস্তফা অভিযোগ করে বলেন, ওছখালী বাজারের রেডট্রি হোটেল এলাকার সামনে ‘ধানের শীষ’ মার্কার সমর্থনে তাদের মিছিল বের হওয়ার সময় আজিমপন্থীরা মশাল মিছিল নিয়ে এসে হামলা চালায়। এতে তাদের ১০–১২ জন আহত হয়। পরে আজিম অনুসারীরা শামীমপন্থী পৌর বিএনপির সাবেক সভাপতি মোকারম বিল্লাহ শাহদাতের বাড়িতে হামলা ও ছররা গুলি ছোড়েন। এছাড়া সড়কে দাঁড়িয়ে থাকা শামীমপন্থীদের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগও করেন তিনি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে কারো আহত হওয়ার খবর আমরা পাইনি।
জে আই