দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতা ২০২৫-এ স্বর্ণপদক অর্জনকারী ভোলার তিন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুল।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের এ সম্মাননা জানানো হয়।
স্বর্ণপদকজয়ী এ তিন শিক্ষার্থী হলেন- রায়হান, বিপ্লব ও তানজুম। তারা বাংলাদেশ স্পেশাল জাতীয় ফুটবল চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় এবং ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের শিক্ষার্থী। তিনজনই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। পুরুষ ফুটবল দলে রায়হান ও বিপ্লব স্বর্ণপদক অর্জন করেন। নারী দলে তানজুমও স্বর্ণপদক লাভ করেন। তবে সপ্তম শ্রেণির শিক্ষার্থী তানজুম টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বিশেষ নজর কাড়েন।
পদক জয়ের খবর পেয়ে উচ্ছ্বাসে ভাসেন শিক্ষার্থীদের পরিবার-পরিজন।
রায়হান, বিপ্লব ও তানজুমের অভিভাবকরা জানান, প্রতিবন্ধীরা পরিবারের বোঝা নয়। তারা দেশের সম্পদ এ সাফল্য তা প্রমাণ করেছে। সন্তানদের নিয়ে আমরা গর্বিত।
স্কুলের শিক্ষকরা মনে করেন, শিক্ষার্থীদের এ অর্জন জেলার জন্য এক বিশাল সম্মান।
স্কুলের পরিচালক মো. ইসমাইল বলেন, এর আগেও আমাদের ছয় শিক্ষার্থী বার্নিলেতে বিশেষ অলিম্পিকে স্বর্ণ ও রৌপ্য পদক পেয়েছিল। এবারও শিক্ষার্থীরা দেশের জন্য সুনাম বয়ে এনেছে এটা আমাদের জন্য আনন্দের।
ভোলা চিল্ড্রেন স্পেশাল স্কুলের চেয়ারম্যান মুহাম্মদ শওকাত হোসেন বলেন, এ অর্জন প্রমাণ করে প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারা দেশের সম্পদ। সেই সম্পদকে কাজে লাগানোর দায়িত্ব আমাদের সবার।
সংবর্ধনা অনুষ্ঠানে সহপাঠীরা করতালি ও ফুল দিয়ে স্বর্ণজয়ী শিক্ষার্থীদের বরণ করে নেয়। পরে স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা তাদের শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, গত ১০ থেকে ১৪ নভেম্বর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয় স্পেশাল অলিম্পিক সাউথ–ইস্ট এশিয়ান ফুটবল প্রতিযোগিতা। এশিয়ার ছয়টি দেশের দল এতে অংশ নেয়। নারী ও পুরুষ উভয় বিভাগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়। আর এই চ্যাম্পিয়ন দলের তিন গর্বিত সদস্য ভোলার রায়হান, বিপ্লব ও তানজুম।
জে আই/ আরএ