দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সহযোগিতার ওপর গুরুত্ব আরোপ করেছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৫ নভেম্বর) কুয়াকাটায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সবাই যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে। দেশে বর্তমানে কোনো রাজনৈতিক অস্থিরতা নেই। নির্বাচন সামনে এলে বিভিন্ন মত উঠে আসে এটাই গণতন্ত্রের সৌন্দর্য। প্রত্যেকে নিজের মতামত প্রকাশ করবে। আর সেই মতের ভিত্তিতেই জনগণ রায় দেবে।
সামুদ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে। অনেক সময় জেলেরা অজান্তেই মিয়ানমারের জলসীমায় ঢুকে আটক হয়। তাদের সুরক্ষায় এবং সহায়তায় সরকার প্রণোদনা বাড়ানোর চেষ্টা করছে।
কৃষকদের জাতির মেরুদণ্ড হিসেবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, এ বছর আমন ধানের উৎপাদন ভালো হয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ওপর আমাদের জীবন-জীবিকা নির্ভরশীল। কিন্তু তাদের সুখ-দুঃখের কথা অনেক সময়ই গুরুত্ব পায় না।
তিনি গুজব ও অপপ্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর মনিটরিং অব্যাহত রয়েছে। পরে তিনি কুয়াকাটা সমুদ্র সৈকতের ব্যবসায়ীদের খোঁজ-খবর নেন। রাতে তিনি কুয়াকাটায় অবস্থান করবেন বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, আনসার ও ভিডিপির বিভাগীয় উপ-মহাপরিচালক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার সমীর সরকার, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, কুয়াকাটা রিজিয়নের এডিশনাল ডিআইজি অর্নিমান চাকমা, পটুয়াখালী ব্যাটালিয়নের কমান্ডার সদন চাকমা ও জেলা কমান্ডার শফিকুর রহমান।
জে আই/ আরএ