দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে টানা নয় দিন ধরে অনশন করছেন এক হিন্দু তরুণী। এই ঘটনা উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী আশ্রয়ণ প্রকল্প এলাকায় ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার নান্দুহার গ্রামের নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৬) দুই বছর আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ইন্দুরকানীর চর-সাউদখালী গ্রামের কবির হাওলাদারের ছেলে আলী হাওলাদার (১৭) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সম্পর্কের কিছুদিন পর বিয়ের আশ্বাসে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
সঞ্চিতা অভিযোগ করেন, আলী তার কাছ থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক লাখ টাকা নিয়েছেন এবং সম্পর্কের সুযোগে শারীরিক সম্পর্কও স্থাপন করেছেন। কিন্তু পরে আলী পরিবারের সম্মতি না পাওয়ার কারণে বিয়েতে অস্বীকৃতি জানান এবং বর্তমানে ভারতে চলে গেছেন। এরপর থেকে আলী তার সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছেন।
নিরুপায় হয়ে গত ১ নভেম্বর বিকেলে সঞ্চিতা প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তার এই অনশন এখনও অব্যাহত রয়েছে এবং এলাকাজুড়ে ব্যাপক আলোচনা চলছে।
অনশনরত সঞ্চিতা মণ্ডল বলেন, আমি একটি এনজিওতে চাকরি করি। ফেসবুকে আলীর সঙ্গে পরিচয়ের পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে বিয়ের আশ্বাসে আমার কাছ থেকে টাকা নিয়েছে এবং পরে ভারতের থেকে তাকে দেশে আনার জন্য বিকাশে আরও ২০ হাজার টাকা পাঠিয়েছি। এখন বিয়ে না হলে আমার জীবনের কোনো মানে থাকবে না। হয় সে আমাকে বিয়ে করবে, না হয় আমি আত্মহত্যা করব।
অন্যদিকে, আলীর মা রেশমা বেগম বলেন, ছেলে এখন ভারতে আছে, যোগাযোগ করা যাচ্ছে না। যদি মেয়েটির অভিযোগ সত্য হয়, তাহলে বিষয়টি আমরা বিবেচনা করে দেখব।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মো. মোস্তফা জাফর জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জে আই