দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা বাজার এলাকায় বিয়ের প্রলোভনে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ–স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ উঠেছে জিসান (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত জিসান স্থানীয় কাউছার মিয়ার ছেলে।
ভুক্তভোগী ১৮ বছর বয়সী তরুণী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে জিসান বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে সুযোগ বুঝে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। কিন্তু সম্প্রতি বিয়ের কথা তুললে জিসান তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তরুণীর কাছ থেকে নেওয়া নগদ অর্থ ও স্বর্ণালংকার ফেরত দিতে অস্বীকৃতি জানান।
রোববার (৯ নভেম্বর) এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তরুণী সকাল থেকে অভিযুক্ত জিসানের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
স্থানীয়রা জানান, জিসানের বাবা কাউছার মিয়া নিজেকে ছাত্রদল নেতা পরিচয় দিয়ে এলাকায় বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনয়ন পাওয়া ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্তর নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করছেন বলেও অভিযোগ রয়েছে।
এ ছাড়া স্থানীয়দের দাবি, কাউছার মাদককারবারি, চাঁদাবাজি ও প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পূর্বেও তিনি একাধিক নারীর সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
এ বিষয়ে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি, তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জে আই