দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সম্ভাব্য আইন-শৃঙ্খলা অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমালের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, রোববার (৯ নভেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সাঘাটা উপজেলা ও এর আশপাশের এলাকায় ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারা কার্যকর থাকবে।
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, সতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাতের মোটরসাইকেল শো-ডাউনকে কেন্দ্র করে এলাকায় দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সেই লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৪৪ ধারার আওতায় এই সময়ে অস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির সমবেত হওয়া, সভা-সমাবেশ ও মিছিল আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয় বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, সাঘাটা থানার অফিসার ইনচার্জসহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
জে আই