দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের ৯টি প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। শনিবার(৮ নভেম্বর) সকালে মন্দিরের প্রতিমাগুলো ভাঙা দেখতে পাওয়া যায়। তবে কারা প্রতিমাগুলো ভাঙচুর করেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
স্থানীয়রা জানান, এলেঙ্গায় রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরে প্রতিবছরের মতো এবারও গত মঙ্গলবার(৪ নভেম্বর) বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রতিদিনের ন্যায় স্থানীয়রা মন্দিরের গাছ থেকে ফুল সংগ্রহ করেন এবং অনেকেই মন্দিরে পূজা দেন। এদিন সকাল সাড়ে ১০টার দিকে স্বর্গীয় খুশী মোহন দাশের স্ত্রী দুলালী রাণী মন্দিরে পূজা দিতে গিয়ে দেখতে পান মন্দিরের ১২টি প্রতিমার মধ্যে ৯টি ভাঙচুর করা হয়েছে। কোনো প্রতিমার ঘাড়, কোনো প্রতিমার হাত ভেঙে ফেলা হয়েছে।
ওই মন্দিরের পূজারি দুলালী রাণী জানান, শনিবার সকালে অনেকেই মন্দিরে ফুলজল দিয়ে প্রণাম করে গেছেন। তখনও সব ঠিকঠাক ছিল। সকাল সাড়ে ১০টার দিকে এসে মন্দিরের ১১টি প্রতিমার মাথা ভাঙা দেখতে পেয়ে ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশ প্রশাসনকে বিষয়টি অবহিত করা হয়।
মন্দিরের পূজারি এলেঙ্গা জিতেন্দ্রবালা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ চন্দ্র দাশ জানান, দুইশ’ বছরের পুরানো এই মন্দিরে গ্রামবাসীরা মিলে পূজা করে আসছেন। প্রতিবছরের ন্যায় এবারও মঙ্গলবার বাৎসরিক পূজা সম্পন্ন হয়েছে। শনিবারও সকালে অনেকেই মন্দিরে গিয়ে পূজা করেছেন। তখনও সব ঠিকঠাক ছিল। সকাল ৯টা থেকে ১০টার মধ্যে কে বা কারা প্রতিমা ক্ষতিগ্রস্ত করেছে তা জানা যায়নি। সাড়ে দশটার দিকে পূজারিরা দেখতে পান ৯টি প্রতিমা ভাঙা। কোনোটার মাথা, কোনোটার ঘাড়, কোনোটার হাত ভাঙা দেখতে পান। আমিও সকালে স্কুলে যাওয়ার সময় বিষয়টি জানতে পেরেছি।
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার সদস্য সচিব প্রবাল কমল ভট্টচার্য জানান, দুষ্কৃতকারীরা এলেঙ্গার রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের বেশ কিছু প্রতিমা ভেঙে রেখে গেছে। তিনি এ ঘটনায় তীব্র নিন্দা জানান। স্থানীয় প্রশাসনের সাথে বিষয়টি নিয়ে দীর্ঘসময় কথা হয়েছে। ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ ব্যাপারে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এলেঙ্গায় সার্বজনীন রাধাগোবিন্দ রাসলীলা মন্দিরের প্রতিমা কে বা কারা শনিবার সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে ভাঙচুর করেছে। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ওই মন্দিরের কমিটির লোকজন মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।
টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। কালিহাতী সার্কেলের এএসপি ও থানার ওসিসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিক তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থাগ্রহণ করা হবে।
/অ