দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের শ্রীবরদীতে সুদের টাকা নিয়ে বিরোধের জেরে এক কৃষককে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
রোববার (২ নভেম্বর) ভুক্তভোগী মো. আকবর আলী (৫০) শ্রীবরদী থানায় লিখিত অভিযোগ করেন। তার অভিযোগ অনুযায়ী, ঘটনা ঘটে গত ৩০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দহেরপাড় এলাকায়।
অভিযুক্তরা হলেন দহেরপাড় গ্রামের মৃত নুজ বাউনের ছেলে আবু সামা ওরফে বুইজে (৬০), মৃত তরি মিয়ার ছেলে বনিজ উদ্দিন (৫০) এবং মৃত ডায়ে শেখের ছেলে আব্দুল বারেক (৩০)।
ভুক্তভোগী আকবর আলী জানান, প্রায় এক বছর আগে তিনি বারেকের কাছ থেকে ২০ হাজার টাকা সুদে নিয়েছিলেন। চুক্তি অনুযায়ী তিনি প্রতি মাসে চার হাজার টাকা সুদ পরিশোধ করে আসছিলেন। সম্প্রতি মূল টাকা ফেরত দিলে অতিরিক্ত দুই হাজার টাকা দাবি করেন বারেক। টাকা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে প্রবেশ করে লাঠিপেটা করে গুরুতর আহত করেন। এরপর তাকে রশি দিয়ে বেঁধে আবু সামার বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও রাস্তার সিমেন্টের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
স্থানীয় রহিম উদ্দিন বলেন, অভিযুক্তরা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আইনের আশ্রয় নিলে গুম করার ভয় দেখাচ্ছে। ভুক্তভোগী বর্তমানে বাড়িতে ফিরতে সাহস পাচ্ছেন না।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার জাহিদ জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন। প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএস/