দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুলিশ পরিচয়ে কিশোরগঞ্জের এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক খায়রুল ইসলাম। তিনি মাসিক কালের নতুন সংবাদ-এর সম্পাদক ও দৈনিক নওরোজ-এর কিশোরগঞ্জ প্রতিনিধি।
অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে অজ্ঞাত একটি মোবাইল নম্বর থেকে খায়রুল ইসলামকে ফোন করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ফোনকারী নিজেকে পুলিশ পরিচয়ে ‘জুয়েল ওরফে রুবেল’ নামে পরিচয় দেন। তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার লংগাইর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ আগস্ট নিকলী থানার পুলিশ কনস্টেবল বিল্লালের বিরুদ্ধে এক তরুণী ধর্ষণের অভিযোগ এনে কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। এ বিষয়ে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিক খায়রুল ইসলাম অভিযুক্ত বিল্লালের বক্তব্য নেওয়ার চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লালের ঘনিষ্ঠ জুয়েল ওরফে রুবেল নিজেকে পুলিশ পরিচয় দিয়ে সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকি দেন এবং বিভিন্ন থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকিও দেন।
এরই মধ্যে গত সোমবার (২০ অক্টোবর) কিশোরগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ আদালতে ওই তরুণী ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং–১৫৯/২০২৫। আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট সফিউজ্জামান সফি।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, অভিযোগটি পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়টি জানতে অভিযুক্ত জুয়েল ওরফে রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি নিজের পরিচয় না দিয়ে উল্টো ওই সাংবাদিকের বিরুদ্ধেই নানা অভিযোগ তোলেন।
/অ