দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় দুপুরে রাস্তায় প্রকাশ্যে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনার প্রাথমিক কারণ জানাতে পারেনি।
সোমবার (১৩ অক্টোবর) দুপুরে চর জুবলী ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের চর জুবলী গ্রামের পলোয়ান বাড়ির সামনে পরিষ্কার বাজার সড়কে এই ঘটনা ঘটে। নিহত সুব্রত চন্দ দাস (৪০) চর আমান উল্লাহ ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চিরু রঞ্জন দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ জানায়, সুব্রত বেকার ছিলেন। তার স্ত্রী রিক্তা রানী দাস চর হাসান ভূঞারহাটে স্বাস্থ্য সেবা বিভাগের কর্মকর্তা। দুপুরে সুব্রত মোটরসাইকেল যোগে স্ত্রীকে কাজের জায়গা থেকে আনতে রওনা দেন। পথে উজেলার হারিছ চৌধুরী বাজারের পশ্চিমে পলোয়ান বাড়ির সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তার মোটরসাইকেলের গতিরোধ করে গলা কেটে ও মাথায় কোপিয়ে হত্যা করে। লাশ রাস্তার পাশে ফেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
নিহতের চাচা লিটন চন্দ্র দাস বলেন, ‘স্ত্রীকে কাজ থেকে আনতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডের সময় কেউ বিষয়টি দেখেনি।’ স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চরজবলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘নিহতের গলা কাটা এবং মাথায় কোপের দাগ রয়েছে। আমরা হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা করছি। মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/