দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুরের নড়িয়ায় যাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সোমবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নড়িয়া উপজেলার পদ্মা নদীর শাখা কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ভাষাসৈনিক গোলাম মাওলা সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপারের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে জনসাধারণের হাঁটা-চলার জন্য নদীর ওপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল। তবে সেই ফুটওভার ব্রিজটিতে বেশ কয়েকবার বাল্কহেডের ধাক্কায় ভেঙে যাওয়ার পর ওই নদীতে পারাপারের একমাত্র ভরসা ট্রলার। সোমবার সকালে নদীটির উত্তর পার থেকে দক্ষিণপাড়ে যাত্রী পারাপার করছিল ইঞ্জিনচালিত ছোট একটি ট্রলার। ট্রলারটি ১৬ জন যাত্রী নিয়ে পারের কাছাকাছি চলে আসলে নদী দিয়ে যাওয়া একটি বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে যাত্রীরা সাতরে নিজেদের প্রাণ রক্ষা করেন।
শিহান নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, ট্রলারের যাত্রীর ধারণক্ষমতা দশজন আর উঠানো হয়েছিল পনেরো থেকে বিশজন। ট্রলারটি পারের একদম কাছাকাছি এসে ডুবে যায়। তবে সবাই সাতার জানায় বড় ধরনের ঘটনা ঘটেনি। আমরা চাই এখানকার ব্রিজটি দ্রুত চালু করা হোক। তাহলে এলাকাবাসী আর ভোগান্তির শিকার হবে না।
এ ব্যাপারে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, ট্রলারটিতে যাত্রীর ধারণ ক্ষমতার চাইতে বেশি যাত্রী উঠানো হয়েছিল। একটি বাল্কহেডের ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত বা নিখোঁজ হয়নি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
আরএ