দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের ঘিওরে সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে উল্টে পড়েছে। এতে প্রায় ছয় লক্ষাধিক টাকার সার নষ্ট হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ঘিওর বাজার সংলগ্ন কুস্তা বন্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকে বিভিন্ন প্রকারের প্রায় সাড়ে পাঁচ শতাধিক বস্তা সার বোঝাই ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ থেকে সার নিয়ে ট্রাকটি ঘিওর বাজারের উদ্দেশে রওনা হয়। তবে চালক মূল সড়ক ব্যবহার না করে ভুলবশত একটি ঝুঁকিপূর্ণ ও সরু রাস্তা দিয়ে বাজারে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ইছামতি নদীতে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্ত সার ব্যবসায়ী ওয়াজেদ আলী অভিযোগ করে বলেন, চালকের খামখেয়ালির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এই রাস্তাটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাধারণত বড় যানবাহন চলাচল করে না। সতর্ক হলে এত বড় ক্ষতির মুখে পড়তে হতো না।
স্থানীয় প্রত্যক্ষদর্শী আবুল হোসেন জানান, ঘিওর কুস্তা বন্দর গরুহাট সংলগ্ন রাস্তাটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানে বড় যান চলাচল অনুপযুক্ত হওয়ায় আগেও দুর্ঘটনার আশঙ্কা ছিল।
এদিকে, ঘিওর থানার ওসি মীর মাহাবুব জানান, দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা নদী থেকে নষ্ট হয়ে যাওয়া সার উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
এবি/