দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুর সদর উপজেলায় বক ও দেশীয় পাখি শিকারের অপরাধে মো. উকিল মিয়া (১৯) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে সদর উপজেলার ধলাকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত উকিল মিয়া সদর উপজেলার চান্দের নগর গ্রামের মৃত সামিদুল মিয়ার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলাকান্দা গ্রামের নিচু এলাকার ধানক্ষেত ও বিলের ধারে ‘হালা’ (দেশীয় পাখি ধরার ফাঁদ) দিয়ে দীর্ঘদিন ধরে বক শিকার চলছিল। এমনকি প্রকাশ্যে বক বিক্রিও করা হচ্ছিলো। পরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে হালা ও ছয়টি জীবিত বকসহ উকিল মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন, ২০১২-এর ৬ ধারা লঙ্ঘনের দায়ে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে শেরপুরের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা সুমন সরকার, ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. আব্দুল্লাহ আল আমিনসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে এলাকায় পাখি শিকার বন্ধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘনের কারণে অভিযুক্তকে শাস্তি দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
/অ