দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র ২৬ বছর বয়সেই সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেন ইমন। ঢাকার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর মাত্র ৫ জোড়া ফাইটার মাছ দিয়ে রঙিন অ্যাকোরিয়াম মাছ চাষ শুরু করেন তিনি। পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও ধৈর্যের ফলস্বরূপ আজ তিনি মাসে লাখ টাকারও বেশি আয় করছেন। ২০২২ সালে তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করেন। বর্তমানে নিজের বাড়ির সামনে প্রায় পাঁচ কাঠা জায়গাজুড়ে গড়ে তুলেছেন একটি আধুনিক অ্যাকোরিয়াম ফিশ ফার্ম, যেখানে হাফমুন, প্লাকেড, রোজটেল, ফেদারটেল, ফাইটার, মুনটেল, ওভার হাফমুন, ডাম্ব, কই গ্যালাক্সি, নিমো ক্যান্ডি, ফেন্সি প্রভৃতি ২৫ হাজারেরও বেশি মাছ রয়েছে।
ইমন বলেন, প্রথমে কেবল সখের বসে শুরু করেছিলাম। কিন্তু এখন এই খামারই আমার প্রধান আয়ের উৎস। অনলাইনের মাধ্যমে ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে মাছ বিক্রি করি। প্রতিমাসে আয় হয় ৭৫ হাজার থেকে এক লাখ টাকার মতো।

তিনি আরও জানান, নিজ খামারেই এখন ব্রিডিংয়ের মাধ্যমে মাছের বংশবিস্তার ঘটান। জিরো সাইজের মাছ উৎপাদন করে বাজারজাত করছেন।
২০২১ সালে বোনের বাসায় প্রথম ফাইটার মাছ দেখে এই পেশায় আগ্রহ জন্মায় ইমনের। প্রথমে ব্যর্থ হলেও হাল না ছেড়ে পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে সফলতা পান। বর্তমানে তার ফার্মে সাত হাজারের বেশি মাছ রয়েছে, যা ১৫ থেকে ২০ হাজার পর্যন্ত ধারণক্ষমতা রাখে।
ইমনের মা বলেন, প্রথমে অনেক কষ্ট হয়েছিল, এমনকি লোকসানও গুনতে হয়েছিল। কিন্তু ছেলে হাল ছাড়েনি। এখন ওর সাফল্য আমাদের গর্ব।
এই উদ্যোক্তা ইতোমধ্যে ২০২২ ও ২০২৫ সালে দু’বার পুরস্কৃত হয়েছেন মাছ চাষে সফলতার জন্য।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রাজীব সরকার বলেন, ইমনের মতো তরুণ উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছেন। এভাবে তরুণরা এগিয়ে এলে রঙিন মাছ চাষ আরও সম্প্রসারিত হবে।
মৎস্য অধিদপ্তর জানায়, রঙিন মাছ চাষে যারা আগ্রহী, তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে অধিদপ্তর সবসময় প্রস্তুত।
সরকারি সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে ব্যবসার পরিধি আরও বাড়িয়ে বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা মেহরাব হোসেন ইমন।
জে আই