দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের গিলন্ড গ্রামের দরিদ্র পরিবারের মেধাবী কন্যা নন্দিনী রানী ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছিলেন দৃঢ় প্রত্যয়ে। দারিদ্র্যকে সঙ্গী করে তিনি লড়েছেন জীবনের প্রতিটি মুহূর্তে। স্বপ্ন ছিল—একদিন সাদা অ্যাপ্রন গায়ে জড়িয়ে মানুষের সেবা করবেন। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই চিরতরে থেমে গেল নন্দিনীর জীবনযাত্রা।
এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান এবং সারা দেশে ১৩৩তম স্থান অর্জন করেন। তবে পরিবারের আর্থিক সংকটের কারণে তার চিকিৎসা শিক্ষার পথ অনিশ্চিত হয়ে পড়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নন্দিনীর পাশে দাঁড়ান বহু শুভানুধ্যায়ী, যার মধ্যে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মানিকগঞ্জের জেলা প্রশাসক (যুগ্মসচিব) ড. মানোয়ার হোসেন মোল্লাসহ বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান।
সবাইয়ের সহায়তায় নন্দিনী নতুন করে যাত্রা শুরু করেছিলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ডাক্তার হওয়ার পথে। কিন্তু সেই পথ থেমে গেল অকালেই।
পরিবারের সূত্রে জানা যায়, সম্প্রতি যশোরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান নন্দিনী রানী। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো এলাকায়।
প্রতিবেশীরা বলেন, এত মেধাবী, পরিশ্রমী ও বিনয়ী একটি মেয়ে তার চলে যাওয়া আমাদের সবার ক্ষতি। সে প্রমাণ করেছিল, ইচ্ছাশক্তি থাকলে দরিদ্রতা কোনো বাধা নয়।
একজন দরিদ্র পরিবারের সন্তান হয়েও নন্দিনী দেখিয়েছিলেন অদম্য ইচ্ছাশক্তি আর অধ্যবসায়ের শক্তি কতটা বড় হতে পারে। কিন্তু সময়ের আগেই নিভে গেল সেই জ্বলজ্বলে আলোকবর্তিকা—যে আলোর নাম ছিল নন্দিনী রানী।
জে আই