দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহিদ হত্যা মামলার আসামি আকাশ আহমেদ বাবুলকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
শুক্রবার (১৪ জুলাই) ভোরে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কক্সবাজার র্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার আকাশ আহমেদ বাবুল (৪৩) টাঙ্গাইলের মির্জাপুর থানার বটটেকি এলাকার সিদ্দীকুর রহমানের ছেলে।
মেজর সৈয়দ সাদিকুল হক বলেন, ২১ জুন গাজীপুরের টঙ্গী সাতাইশ এলাকায় একটি গার্মেন্টসে শ্রমিকদের বেতন বোনাস নিয়ে কথা বলতে যান শহিদুল ইসলাম শহিদ। সেখান থেকে ফেরার পথে গ্রেপ্তার আকাশসহ সংঘবদ্ধ ১২/১৩ জন দুর্বৃত্ত তাকে উপর্যুপরি আঘাত করে। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, এ ঘটনায় ছয়জনকে এজাহারভুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়। তারপর থেকে ছায়াতদন্ত শুরু করে র্যাব। তারই অংশ হিসেবে শুক্রবার ভোরে কক্সবাজারের কলাতলীর হোটেল-মোটেল জোনে অভিযান চালিয়ে আকাশ আহমেদ বাবুলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবের কাছে শহিদ হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা।
তিনি আরও জানান, গ্রেপ্তার বাবুলকে গাজীপুরের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।