দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যালের গোডাউনের আগুন নেভাতে গিয়ে শহীদ হওয়া ফায়ার ফাইটার নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের শামীম আহমেদের নামে পাঠাগার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে ফায়ার ফাইটার শামীমের শিশু ছেলে নাবিল আহমেদকে সঙ্গে নিয়ে পিজাহাতী আদর্শ যুব সমাজ প্রতিষ্ঠিত ‘শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদ স্মৃতি পাঠাগার’-এর নাম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।
এ সময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নেত্রকোনার সিনিয়র স্টেশন অফিসার খানে আলম, কেন্দুয়া উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, ফায়ার ফাইটার শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন, চাচাতো ভাই আব্দুল বারী বকুল, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনি, সালাহউদ্দিন সালাম ও বাছিরুজ্জামান বাছিরসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এর আগে, স্থানীয় বাসিন্দা মোজাম্মেল হক রনির সভাপতিত্বে ও রবিউল আউয়াল আলমের সঞ্চালনায় পাঠাগার সংলগ্ন মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ ফায়ার ফাইটার শামীম আহমেদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শহীদ শামীম আহমেদের কর্মময় জীবনের নানাদিক তুলে ধরেন। এ সময় শামীমের বড় ভাই মোহাম্মদ রুহুল আমিন শামীমের স্ত্রী-সন্তানদের পাশে থাকার জন্য প্রশাসন ও ফায়ার সার্ভিসের লোকজনসহ সকলের প্রতি অনুরোধ জানান।
নেত্রকোনার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম শামীমের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। সার্বিক সহযোগিতা নিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদারও। জনগণের জানমাল রক্ষায় আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার শামীম আহমেদের জীবন বিসর্জন ইতিহাসের পাতায় অম্লান হয়ে থাকবে বলেও জানান ইউএনও।
/অ