দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও জেলা বিএনএ সভাপতি শাহিনুর রহমান শাহিনের বিরুদ্ধে একের পর এক ভয়াবহ অভিযোগ উঠেছে।
নারী সহকর্মীদের যৌন হয়রানি, চাঁদাবাজি, দুর্নীতি থেকে শুরু করে হাসপাতালের ভেতরে ব্যক্তিগত কক্ষ দখল করে টর্চার সেল চালানো পর্যন্ত অভিযোগের অন্ত নেই। এতে হাসপাতালে কর্মরত নার্স ও কর্মকর্তারা অতিষ্ঠ হয়ে পড়েছেন।
সম্প্রতি এক নারী নার্স সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে শাহিনুর রহমান শাহিনের নানা অনৈতিক কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন। এরপর থেকেই বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।
অভিযোগ রয়েছে, জেলা বিএনপির নাম ভাঙিয়ে শাহিন হাসপাতালের ৮ তলায় একটি ব্যক্তিগত কক্ষ দখল করে রেখেছেন। স্থানীয়রা একে ‘আয়নাঘর’ নামে ডাকেন। সেখানে তিনি টর্সাল সেলসহ নানা অনৈতিক কার্যকলাপ চালান বলে দাবি হাসপাতালের একাধিক কর্মকর্তা ও নার্সদের।
আরও অভিযোগ রয়েছে, হাসপাতালের ক্যান্টিন দখল, টেন্ডারবাজি এবং চাকরির প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। নার্সদের দাবি, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করে তিনি স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত করছেন।
এমন অভিযোগ নতুন নয়। অতীতে যৌন হয়রানি ও দুর্নীতির কারণে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) থেকে শাহিন আজীবন বহিষ্কৃত হন। একাধিকবার মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল থেকেও তাকে বদলি করা হয়েছিল। কিন্তু প্রতিবারই প্রভাব খাটিয়ে ও মুচলেকা দিয়ে তিনি আবার ফিরে আসেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন শাহিনুর রহমান শাহিন। তিনি বলেন, আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সত্য নয়। একটি মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র করছে।
অভিযোগের বিষয়ে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ বাহাউদ্দিন বলেন,অভিযোগের ভিত্তিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ কর্ম দিবসের মধ্যে তারা প্রতিবেদন জমা দেবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালের ভেতরে বারবার এমন অভিযোগ ওঠায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ করছেন রোগীরা। কর্মীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ডে হাসপাতালের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
এফএইচ/