দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর সাপাহার সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে অচলা সরকার নূপুর সরকার নামের এক ভারতীয় নারীকে ভারতে ফেরত পাঠানো হয়েছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনপাড়া সীমান্তে বিজিবি-বিএসএফ কর্মকর্তাদের উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বামনগোলা থানার কাশিবপুর গ্রামের বাসিন্দা তসর সরকার ও ললিতা সরকারের মেয়ে অচলা সরকার গত মে মাসে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। আদালতের নির্দেশে দীর্ঘ চার মাস তাকে রাজশাহীর সেফ হোমে রাখা হয়।
পরে আদালতের রায় ও দুই দেশের কূটনৈতিক যোগাযোগের ভিত্তিতে তাকে নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম আহম্মেদ, বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আবু জাফর এবং সাপাহার থানার পুলিশের প্রতিনিধি। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফ কর্মকর্তা প্রবীণ যাদব ও ভারতীয় পুলিশের সদস্যরা।
আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে অচলা সরকারকে বিএসএফ ও ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার পরিবার এ খবর জানার পর থেকেই অপেক্ষায় ছিলেন। দীর্ঘদিন পর প্রিয়জনকে ফিরে পেয়ে তারা স্বস্তি প্রকাশ করেছেন। যদিও হস্তান্তরের সময় পরিবারের কেউ উপস্থিত থাকতে পারেননি, তবে বিএসএফের মাধ্যমে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
সীমান্ত এলাকায় এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। সুযোগ-সুবিধা, কাজের সন্ধান কিংবা অন্য কারণে অনেকেই অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করেন। তবে বিজিবি ও বিএসএফের সমন্বিত কার্যক্রম এবং নিয়মিত পতাকা বৈঠকের মাধ্যমে এসব ঘটনার শান্তিপূর্ণ সমাধান করা হয়।
জে আই/ আরএ