দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন শারদীয় দুর্গাপূজায় যশোর জেলার প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে সিসি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার (এসপি) রওনক জাহান। তিনি বলেছেন, মণ্ডপ কর্তৃপক্ষ অর্থের অভাবে ক্যামেরা কিনতে না পারলে ভাড়া নিতে হবে, সেটিও সম্ভব না হলে পূজা পরিষদ ও সমাজের বিত্তবানদের সহায়তায় ক্যামেরা স্থাপন করতে হবে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, হিন্দু মহাজোটসহ বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।
এসপি রওনক জাহান বলেন, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা বলয় থাকবে। কোনো ঘটনা ঘটলে তা যেন ধর্মীয়ভাবে প্রচার করে বড় করা না হয়, সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
ডিজে পার্টির বিষয়ে তিনি বলেন, পুলিশ প্রশাসন থেকে এটি বন্ধ করা হবে না, তবে মন্দির কমিটি নিজেরাই উদ্যোগ নিয়ে ডিজে পার্টি নিরুৎসাহিত করবেন। পূজার সঙ্গে ধর্মীয় সংগীত ও আচার বেশি প্রাসঙ্গিক।
ট্রাফিক ব্যবস্থাপনা নতুনভাবে সাজানোর কথা জানিয়ে পুলিশ সুপার বলেন, শহরে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে এবং উপজেলাগুলোতেও সীমিত পরিসরে কাজ করবে ট্রাফিক টিম। এ ক্ষেত্রে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা অপরিহার্য।
প্রতিমা বিসর্জনের বিষয়ে তিনি বলেন, সরকার নির্ধারিত সময় অনুযায়ী রাত ৭টার মধ্যে বিসর্জন শেষ করতে হবে। বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ রাত ১০টা পর্যন্ত দেওয়া যাবে।
সভা শেষে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন জানান, ‘ইতোমধ্যে যশোর জেলা পুলিশ সুপার ছাড়াও ডিআইজি, জেলা প্রশাসক, জেলা বিএনপির সঙ্গে মতবিনিময় করা হয়েছে, দ্রুত জামায়াতে ইসলামের সঙ্গে মতবিনিময় করা হবে। এছাড়া মঙ্গলবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের মতবিনিময় সভার কথা রয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে প্রেস ব্রিফিং করে আরও বিস্তারিত জানানো হবে। তবে, জেলা পুলিশের শর্তগুলো মেনেই পূজা উদযাপনের আশ্বাস দেন তিনি।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাসার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও যশোর জেলা কমিটির সদস্য সচিব নির্মল কুমার বিট প্রমুখ।
আরএ