দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার মিরপুরে উপজেলা ও পৌর আওয়ামী লীগের শীর্ষ নেতাদেরকে নিয়ে একটি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মিরপুর পৌরসভার খন্দকবাড়িয়ার কুঠিপাড়ায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউএনও নাজমুল ইসলামের পাশে দাঁড়িয়ে ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শক্তি সঞ্চয় পাল, পৌর আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন এবং সাবেক মেয়র প্রার্থী নজরুল করিম।
তবে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে বিএনপি। তাদের অভিযোগ, রাজনৈতিক বিবেচনায় ইউএনও দলীয় পক্ষপাত দেখিয়েছেন।
মিরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিরুজ্জামান রানা বলেন, ৫ সেপ্টেম্বর প্রয়াত বিএনপি নেতা ফজলুল হক মন্ডল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হওয়ার আমন্ত্রণ জানানো হলেও ইউএনও অপারগতা প্রকাশ করেন। তিনি তখন স্পষ্ট বলেন, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেবেন না। অথচ আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে তিনি টুর্নামেন্ট উদ্বোধন করেছেন।
এমন অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতানও। তিনি বলেন, আমি নিজে তার অফিসে গিয়ে দাওয়াত দিয়েছিলাম। তখন তিনি বলেন, বিএনপি নেতাদের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না। অথচ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে একই ধরনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
তিনি আরও বলেন, এ বিষয়ে দলীয়ভাবে আলোচনা চলছে, প্রয়োজনে সংবাদ সম্মেলন করা হবে।
অভিযোগের বিষয়ে ইউএনও নাজমুল ইসলাম বলেন, আমি স্থানীয় একটি ক্লাবের আমন্ত্রণে টুর্নামেন্ট উদ্বোধন করেছি। সেখানে কারা উপস্থিত ছিলেন, তা আমার জানা ছিল না। এছাড়া বিগত সরকারের সময়কার স্থানীয় নেতাদের অনেককেই আমি চিনিও না।
/অ