দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্থানীয় বাসিন্দাদের চলমান অবরোধ ৬ ঘণ্টা পর উঠিয়ে নেওয়া হয়েছে। এর ফলে রোববার বিকেল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয়রা আসন সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্তের প্রতিবাদে সকাল ১১টায় চান্দুরা বাস স্ট্যান্ডে মহাসড়ক অবরোধ করেন। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার বিরুদ্ধে সর্বদলীয় সংগ্রাম পরিষদ আয়োজিত বিক্ষোভে বিএনপি, এনসিপি ও হেফাজতে ইসলামের নেতাকর্মীরাও অংশ নেন।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। দূর-দূরান্ত থেকে আসা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ এবং বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা অবরোধস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। আধা ঘণ্টার আলোচনার পর প্রশাসনের আশ্বাসে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে যুক্ত করে চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
সর্বদলীয় সংগ্রাম পরিষদের সভাপতি ইমাম হোসেন জানান, দুই ইউনিয়নকে নতুন আসনে যুক্ত করলে প্রশাসনিক ও অর্থনৈতিকভাবে ক্ষতি হবে। প্রশাসনের আশ্বাসে আপাতত অবরোধ প্রত্যাহার করা হলেও দাবি না মানা হলে রেল ও নৌপথে অবরোধ কর্মসূচি নেওয়া হবে।
এমএস/