দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে আবু বকর মন্ডল (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুল আজিজ মন্ডল নামে আরও একজন আহত হয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর তারাপুর ইউনিয়নের তারাবাড়িয়ার চকপাড়ায় এ ঘটনা ঘটে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহত আবু বকর চকপাড়া গ্রামের লবু মন্ডলের ছেলে। তিনি ইটভাটায় শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করেন। আহত আব্দুল আজিজ একই এলাকা কবির মন্ডলের ওরফে কবু মন্ডলের ছেলে। তিনিও ইটভাটার শ্রমিকের কাজ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবু বকর মন্ডল ও আজিজ মন্ডলের বসতভিটার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাত সাড়ে ৯টার দিকে তাদের দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে তাদের মধ্যে টেঁটা ও দেশীয় অস্ত্র দিয়ে সংঘর্ষ হয়। এ সময় আপন চাচাতো ভাই আবু কবর টেঁটাবিদ্ধ হন। আর আব্দুল আজিজ মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
এসময় আবু বকর ও আব্দুল আজিজকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আবু বকরকে মৃত ঘোষণা করেন। আব্দুল আজিজের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাবনা সদর থানা পুলিশের ওসি আব্দুস সালাম বলেন, আপন চাচাতো ভাইদের মধ্যে টেঁটা নিয়ে সংঘর্ষ হয়। এসময় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠানো হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জে আই/ আরএ