দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ার ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল পাঁচজনে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে যায় বাসটি। সেখান থেকে অন্তত ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।
নিহতরা হলেন, সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের জয়নাল আবেদীন (৫৭) ও মোরশেদ আলম (৪০) এবং নওগাঁ জেলার বাসিন্দা হুমায়ুন কবির। তিনি চন্দ্রগঞ্জের লতিফপুর এলাকায় ভাড়া থাকতেন এবং একটি ওষুধ কোম্পানিতে কর্মরত ছিলেন। এ ছাড়া নিহত আরও দুজন হলেন মাজেদ ও রিপন।
ওসি ফয়জুল আজিম নোমান বলেন, এ পর্যন্ত আমরা পাঁচ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনার দুই ঘণ্টা পার হলেও ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছায়নি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শী ও স্থানীয় উদ্ধারকারীদের। এ ছাড়া পানির তলদেশে কেউ ডুবে আছেন কি না তাও নিশ্চিত বলতে পারেননি ফায়ারসার্ভিসের কর্মীরা। খালের তলদেশে এখনও যাত্রী থাকতে পারে বলে ধারণা তাদের।
এ ঘটনার পর উদ্ধার তৎপরতায় অসন্তোষ প্রকাশ করে স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে রয়েছেন। তাদের দাবি, ফায়ার সার্ভিস কর্মীরা দেরিতে আসায় ক্ষতি বেশি হয়েছে।
অন্যদিকে, স্থানীয় বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনায় একাধিক মৃত্যু হয়েছে দাবি করে ক্ষুব্ধ হয়ে ওঠেন ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে রহমতখালী খালে পড়ে ডুবে যায়। দুর্ঘটনার আড়াই ঘণ্টা পার হয়ে গেলেও বাসটি উদ্ধার সম্ভব হয়নি। উদ্ধার কার্যক্রম চলছে। ঘটনার পর প্রায় ১ ঘণ্টা লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে সড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়। ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে ঘটনার ঠিক এক মাস আগে গত ৬ আগস্ট ভোরে ঘটনাস্থলের প্রায় পাঁচ কিলোমিটার দূরত্বে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ওই খালেই একটি মাইক্রোবাস ডুবে যায়। এতে একই পরিবারের সাত জনের মৃত্যু হয়।
/অ