দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহী মহানগরীতে ভুয়া মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরির সরঞ্জাম, দেশি-বিদেশি ও ভুয়া দলিল দস্তাবেজ তৈরির মূল কারিগরসহ দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের সআ করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গেলো সোমবার সন্ধ্যায় রাজপাড়া থানার পূর্ব মোল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- নগরীর পূর্ব মোল্লাপাড়া এলাকার মৃত কাবিল উদ্দিনের ছেলে আনিসুর রহমান ওরফে রেজাউল (৬৬) ও কোর্টবুলনপুর এলাকার রাজিব হোসেনের ছেলে শেখ রেজওয়ানুল করিম ওরফে সানিক (২২)।
র্যাব জানায়, আনিছুর রহমান দীর্ঘদিন যাবত ভুয়া দলিল দস্তাবেজ তৈরির কাজে নিয়োজিত ছিলেন। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ জাল-জালিয়াতির মাধ্যমে প্রস্তুত করতেন এবং মুক্তিযোদ্ধাদের যুদ্ধে অংশগ্রহণের প্রমাণ হিসেবে ব্যবহৃত অস্ত্র জমা দেওয়ার সনদও প্রস্তুত করে দিতেন। তিনি ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও দলিল তৈরিতে সিদ্ধহস্ত। বিভিন্ন অঙ্কের টাকার বিনিময়ে তৈরি করে দিতেন। ভুয়া দলিল দ্বারা জমি দখলদারদের পুরাতন পাকিস্তানি আমলের দলিলও নিজস্ব পন্থায় প্রস্তুত করে দিতেন।
জাল দলিল প্রস্তুতির জন্য তিনি কালিকলম ব্যবহার করতেন। কারণ পাকিস্তান আমলে কালি-কলমে দলিল লেখা হতো। তিনি পুরাতন দলিল প্রস্তুতকরণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সিল নিজে প্রস্তুত করে ব্যবহার করতেন। তার কাছে বিভিন্ন কর্মকর্তার সর্বমোট ২০৫টি ভুয়া সিলমোহর পাওয়া যায়। তিনি নিজেকে বাংলাদেশের শ্রেষ্ঠ ভুয়া জালদলিল প্রস্তুতকারক হিসেবে দাবি করেন।
সোমবার সন্ধ্যার দিকে র্যাব-৫ এর একটি দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন পূর্ব মোল্লাপাড়া এলাকায় আনিছুর রহমান ওরফে রেজাউল করিমের বসতবাড়িতে অভিযান চালায়। র্যাবের দলটি তার বাড়িতে পৌঁছা মাত্রই দুজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করে। তবে র্যাব সদস্যরা তাদের ধরে ফেলে। এরপর সেখান থেকে স্বাধীনতা সংগ্রামের ভুয়া ১৪টি সনদপত্র, ফাকা ১৫টি সনদ, ২ হাজার ৫৪৮টি বাংলাদেশি স্ট্যাম্প, ৮৩৩টি পাকিস্তানি বিভিন্ন অঙ্কের স্ট্যাম্প, ভারতীয় বিভিন্ন অঙ্কের ২৫৩টি স্ট্যাম্প, জাল-জালিয়াতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরকারি কর্মকর্তার নামীয় ও পদবি সম্বলিত ভুয়া সিল ২০৫টি, বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত দুটি ও পাকিস্তানের রাষ্ট্রীয় মনোগ্রাম সম্বলিত লোহার পাত দুটি, জালিয়াতির কাজে ব্যবহৃত দোয়াত কলম তিনটি, দোয়াত কালি একটি, স্ট্যাম্প প্যাড একটি, মোবাইল দুটি, সিমকার্ড চারটি জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে লোক চক্ষুর অন্তরালে ওই বাড়িতে জাল-জালিয়াতির উপকরণ ব্যবহার করে বিভিন্ন ভুয়া দলিল, মুক্তিযোদ্ধা সার্টিফিকেট সৃজন করে জনসাধারণের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়া নিতেন। এ ঘটনায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় জাল-জালিয়াতি ও প্রতারণা আইনে মামলা হয়েছে।