দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়কারী রফিকুল আলম মজনু বলেছেন, বিএনপির নেতাকর্মীদের মধ্যে দ্বিধা-বিভক্তি থাকলে ফ্যাসিবাদের দোসররা সুযোগ নেবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে পরশুরাম উপজেলা বিএনপির আয়োজনে পৌর এলাকার জিরো পয়েন্টে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মজনু বলেন, অনেকে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে আলোচনা করে। কিন্তু এখানে কোনো পিআর বা মি’য়ার ব্যাপার নয়, আসলে তারা নির্বাচনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করতে চায়। ঢাকসুর সাবেক ভিপি নুর এবং জাকসুর সভাপতি লুৎফুর রহমানের ওপর হামলার ঘটনা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের বিশৃঙ্খলা বিএনপির ভেতরেও ঘটানোর চেষ্টা হতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে শপথ নিতে হবে দলাদলি হবে না, বিশৃঙ্খলা হবে না। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়তে হবে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরকারের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন। আর এখন আমাদের প্রতিশোধ নিতে হবে মানুষের মন জয় করার মাধ্যমে। আমরা কোনো হানাহানি বিশ্বাস করি না, ভালো কাজের মাধ্যমেই প্রতিশোধ নিতে চাই।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে মজনু বলেন, গত ১৬ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। ফেব্রুয়ারির নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে। এবারের নির্বাচন হবে অবাধ ও নিরপেক্ষ।
অনুষ্ঠানে পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, উপজেলা সদস্য সচিব মাহবুবুল হক এবং পরশুরাম পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ। সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি।
এ সময় উপজেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরশুরাম জিরো পয়েন্ট থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডে গিয়ে শেষ হয়।
আরএ