দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীর সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ আকনের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে লাঞ্ছিত করা এবং ঘুষ না দেওয়ায় মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ উঠেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ফেনী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. ইলিয়াছ। তিনি সোনাগাজী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ইলিয়াছ জানান, গত ৬ আগস্ট ব্যবসায়িক পাওনা টাকা আদায় ও নিরাপত্তার জন্য থানায় একটি অভিযোগ করেছিলেন। কিন্তু বৈঠকে অভিযুক্ত শাওন বারবার অনুপস্থিত থাকায় সমাধান হয়নি। পরে তিনি তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষ তদন্তের অনুরোধ করেন। ২৩ আগস্ট তাঁকে জানানো হয়, এ বিষয়ে সরাসরি বৈঠক করবেন ওসি। অসুস্থ থাকায় সেদিন তিনি উপস্থিত হতে পারেননি।
তার অভিযোগ, এরপর থেকে পুলিশ বারবার বাড়িতে গিয়ে পরিবারকে ভয়ভীতি দেখায়। ২৬ আগস্ট জোরপূর্বক থানায় নিয়ে গিয়ে সালিশি বৈঠকে বসানো হয়। সেখানে ওসি বায়েজীদ আকন বিবাদীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দুই দিনের মধ্যে টাকা দেওয়ার নির্দেশ দেন। টাকা না দিলে হত্যা মামলাসহ একাধিক মামলায় জড়িয়ে দেওয়ার হুমকিও দেন। এ কারণে তিনি বর্তমানে পরিবার নিয়ে এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি পরিবারের নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
অভিযোগ বিষয়ে জানতে চাইলে ওসি বায়েজীদ আকন বলেন, 'ইলিয়াছ একজন প্রতারক। পাওনা টাকা না দেওয়ার জন্যই তিনি পুলিশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন।'
এমএস/