দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলার গয়েশপুরে দুই পক্ষের সংঘর্ষে মেহেদী মাসুদ পাভেল মোল্লা (৪০) নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচাতো ভাই ইমরান সজিব মোল্লা (২৫) গুরুতর আহত হয়ে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে শনিবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে গয়েশপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে। নিহত পাভেল ইসলামপুর গ্রামের মৃত মুসলেম মাষ্টারের ছেলে এবং গয়েশপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আহত ইমরান স্থানীয় আব্দুর সবুর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাদক ব্যবসা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পাভেলদের সঙ্গে প্রতিপক্ষ জনি, জুয়েল, নজরুল, মফিজ উদ্দিন, ময়েজ উদ্দিন প্রামানিক, তৌফিক উদ্দিন, আশরাফ আলী, লিয়াকত ও দুলালদের দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে ইসলামপুর ব্রিজ এলাকায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে প্রতিপক্ষের হামলায় পাভেল ও ইমরান গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পাভেলকে মৃত ঘোষণা করেন। ইমরানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঘটনার পেছনে পূর্ব বিরোধ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
জে আই/ কে