দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন পর নিজ এলাকা নেত্রকোনার উন্মুক্ত হাওরাঞ্চল ঘুরে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। শনিবার (২৩ আগস্ট) সকাল থেকে অর্ধশতাধিক স্পিডবোটে দলীয় নেতাকর্মীসহ হাওরের বিভিন্ন গ্রামে সফর করেন তিনি।
নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া বাবরের গ্রামের বাড়ি মদন উপজেলায়। তার আগমনে ভাটি উপজেলা হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীতে উৎসবের আবহ তৈরি হয়। সর্বত্র তোরণ, মানুষের ভিড়, আলোচনা—চায়ের দোকান থেকে মাঠঘাট পর্যন্ত আলোচনায় উঠে আসে বাবরের নাম।
এ সফরে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান তালুকদার, খালিয়াজুরি উপজেলা বিএনপির সভাপতি আবদুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরীসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুর রব জুয়েল জানান, শুক্রবার সকাল থেকে বাবর খালিয়াজুরীর মেন্দিপুর, চাকুয়া, গাজীপুর, নগর, কৃষ্ণপুরসহ ছয় ইউনিয়নের গ্রামে যান এবং কয়েকটি হাটে পথসভা করেন। এর মধ্যে তিনি প্রায় ৪৩টি গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
বিএনপি নেতা অ্যাডভোকেট মাসুদ রানা চৌধুরী বলেন, ‘দীর্ঘদিন পর বাবর ভাইকে কাছে পেয়ে আমরা অপরিসীম আনন্দিত। তিনি শুধু দলের নেতা নন, ভাটি অঞ্চলের প্রাণপুরুষ। দলমত নির্বিশেষে সবাইকে আপন করে নেন তিনি.’
এক পথসভায় বাবর বলেন, ‘শুধু স্লোগান দিলে চলবে না। যারা শিশু ছিল, এখন তারা যুবক। এ যুবকদের পড়াশোনা, কারিগরি শিক্ষা ও ব্যবসার মাধ্যমে স্বাবলম্বী হতে হবে। পাশাপাশি নামাজ, কোরআন তিলাওয়াত ও শারীরিক ব্যায়াম করতে হবে।’
তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করেন।
এ সফরে প্রায় অর্ধশতাধিক স্পিডবোটে তিন শতাধিক নেতাকর্মী অংশ নেন। প্রতিটি গ্রামে শত শত মানুষ হাত নাড়িয়ে তাকে শুভেচ্ছা জানান। দীর্ঘ ১৮ বছর পর বাবরকে সরাসরি দেখে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
স্থানীয়রা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা ও চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলাসহ অসংখ্য মিথ্যা মামলায় তাকে দীর্ঘদিন কারাগারে আটক রাখা হয়েছিল। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেও সম্প্রতি সব মামলা থেকে মুক্তি পেয়ে তিনি হাওরপাড়ের মানুষের কাছে ফিরে এসেছেন।
এমএস/কে