দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শরীয়তপুর সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিশুপার্কসংলগ্ন জেলা শিল্পকলা একাডেমি মাঠে জেলা প্রশাসনের অনুমতিতে বাণিজ্য মেলা আয়োজনের প্রতিবাদে শিক্ষার্থী ও নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৪টায় সদর হাসপাতাল সংলগ্ন সড়কে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে শরীয়তপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে তারা জানান, হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিশুপার্ক ও জেলা শিশু একাডেমির পাশেই বাণিজ্য মেলা আয়োজন সম্পূর্ণ জনস্বার্থবিরোধী। এতে একদিকে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়বেন, অন্যদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ ব্যাহত হবে।
শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষার্থী তাজমুল মাঝি বলেন, জেলা শিল্পকলা একাডেমির মাঠ সাংস্কৃতিক চর্চার কেন্দ্র। এটিকে মেলা প্রাঙ্গণে রূপান্তর করা যাবে না।
একই কলেজের শিক্ষার্থী সানজানা খান হুঁশিয়ারি দিয়ে বলেন, মেলা বন্ধ না হলে জেলার সব স্কুল-কলেজের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ আন্দোলনে নামবে।
অন্য শিক্ষার্থী মাহবুব আলম বলেন, শহরের ব্যস্ততম এলাকায় মেলা হলে যানজট, দুর্ঘটনার ঝুঁকি বাড়বে। আমরা চাই শহরের বাইরে ফাঁকা জায়গায় মেলা হোক।
উল্লেখ্য, শরীয়তপুর শহরের প্রাণকেন্দ্রে— সদর হাসপাতাল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শিশুপার্ক ও শিশু একাডেমি সংলগ্ন শিল্পকলা একাডেমি মাঠে এবার বাণিজ্য মেলার আয়োজন করছে ঢাকার প্রতিষ্ঠান নিউ স্টাইল মার্কেটিং। জেলা প্রশাসনের অনুমতি অনুযায়ী, ২১ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা চলবে। ইতোমধ্যে মেলার প্রস্তুতিও শুরু হয়েছে।
তবে বিষয়টি প্রকাশ্যে আসতেই শহরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শরীয়তপুর জেলা শাখা এবং সচেতন নাগরিক সমাজ জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন দিয়ে মেলার প্রতিবাদ জানিয়েছে।
এ বিষয়ে শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম বলেন, আমি যোগদানের আগেই মেলার অনুমতি দেওয়া হয়েছিল। তবে মেলা বন্ধের বিষয়ে আবেদন পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সাধারণ মানুষের সুবিধা-অসুবিধাকে অগ্রাধিকার দিয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
/অ