দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জে সুমাইয়া আক্তার (৩) নামে এক শিশুর মরদেহ গোসল করানোর সময় আঘাতের চিহ্ন দেখতে পেয়ে ৯৯৯- এ ফোন করে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। একইসঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য শিশুর সৎ মাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
রোববার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের নুরবক্স চাপরাশি বাড়ির থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমাইয়া একই বাড়ির সৌদি প্রবাসী ফয়সাল আহমদের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, সুমাইয়া তার সৎ মা শিউলি আক্তারের সঙ্গে উপজেলার চৌমুহনী পৌরসভার একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল শনিবার শিউলি তার সৎ মেয়ে শিশু সুমাইয়াকে মারধর করে। এরপর তাকে গোসল করিয়ে ঘুম পাড়ায়। বিকেলের দিকে ঘুমানো অবস্থায় শিশুটিকে মৃত পায় তার সৎ মা। বিষয়টি তিনি তার প্রবাসী স্বামীকে জানায়। পরবর্তীতে বাসায় ডাক্তার নিয়ে আসেন। তখন ডাক্তার জানায় শিশুটি আরও আগেই মারা গেছে। প্রবাসী স্বামীর পরামর্শে সৎ মা একই দিন রাতে অ্যাম্বুলেন্সে করে সুমাইয়ার মরদেহ দাফনের জন্য স্বামীর গ্রামের বাড়ির উপজেলার খানপুর গ্রামে নিয়ে যান।
আজ (রোববার) শিশুটির মরদেহ গোসল করানোর সময় তার কানে ও গলায় আঘাতের চিহ্ন দেখতে পায় স্থানীয় লোকজন। তাৎক্ষণিক তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি জানায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, ‘৯৯৯-এ অভিযোগ পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত শিশুর গলায় ও ডান কানে আঘাতের চিহ্ন রয়েছে। এক কান দিয়ে রক্ত বের হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। অভিযুক্ত সৎ মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠির কারণ জানা যাবে।’
/অ