দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের খসড়া তালিকায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সীমানা পুনর্বিন্যাসের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল বিজয়নগর।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১১টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিজয়নগর উপজেলার সর্বস্তরের মানুষ ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তীব্র প্রতিবাদ জানায়।
ঢাকা-সিলেট মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার মানুষ মহাসড়কে অবস্থান নেন এবং বিজয়নগর উপজেলাকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
আন্দোলনকারীরা বলেন, স্বাধীনতার পর থেকে বিজয়নগরের তিতাস পূর্বাঞ্চলের ১০টি ইউনিয়ন নানা রকম অবহেলার শিকার হয়ে আসছে। এবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে বিজয়নগরের বুধন্তী, চান্দুরা ও হরষপুর এই তিনটি ইউনিয়ন কেটে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
তারা দাবি করেন, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিজয়নগরের উন্নয়ন ব্যাহত হবে এবং উপজেলার একতা বিনষ্ট হবে।
বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ‘দ্বিখণ্ডিত বিজয়নগর প্রতিরোধ সর্বদলীয় বাস্তবায়ন কমিটি’র নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং কয়েক হাজার সাধারণ মানুষ।
বক্তারা বলেন, তিনটি ইউনিয়ন ভৌগোলিকভাবে উপজেলা সদরের কাছাকাছি এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এগুলো অন্য আসনে যুক্ত করার কোনো যৌক্তিকতা নেই।
উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) ৩০ জুলাই খসড়া গেজেট প্রকাশ করেছে, যেখানে দেশের ৪০টি সংসদীয় আসনের সীমানায় রদবদল আনা হয়েছে। এই খসড়া তালিকা নিয়ে ১০ আগস্ট পর্যন্ত আপত্তি ও দাবি জানানো যাবে। এরপর শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।
/অ