দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ সদর উপজেলায় বৌভাতের দাওয়াত দিয়ে খাওয়ানোর পর অতিথিদের রক্তের গ্রুপ নির্ণয় করিয়ে অনন্য নজির স্থাপন করেছেন বর সরকার মোহাম্মদ কিবরিয়া। ব্যতিক্রম এ আয়োজন করে এলাকাবাসী ও অতিথিদের প্রশংসায় ভাসছেন বর-কনে।
বুধবার (৫ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের পান্ডাপাড়া গ্রামে এই ব্যতিক্রমী বৌভাত অনুষ্ঠিত হয়।
বর সরকার মোহাম্মদ কিবরিয়া ওই এলাকার মৃত আজহার আলী সরকারের ছেলে। তার উদ্যোগে কুদ্দুস সরকারের বাড়িতে ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’ নামে সংগঠনের কর্মীরা ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন করেন।
বর সরকার মোহাম্মদ কিবরিয়া বলেন, গত শনিবার (১ জুলাই) ময়মনসিংহ নগরীর আকুয়া জুবলি কোয়ার্টার মোড়ের আব্দুর রশীদের মেয়ে স্মৃতির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হই। আমি ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’ সংগঠনের একজন সক্রিয় সদস্য। এ পর্যন্ত পাঁচবার রক্ত দিয়েছি। স্ত্রী স্মৃতি আক্তারও নিয়মিত রক্তদান করেন। আমরা দুজনই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে জড়িত।
তিনি আরও বলের, যখন আমাদের বিয়ে ঠিক হয় তখন চিন্তা করি বিয়েতে ব্যতিক্রম কিছু আয়োজন করবো। যা মানুষের উপকারে আসবে। এমন ভাবনা থেকে বৌভাতের দিন বিনামূল্যে অতিথিদের রক্তের গ্রুপ নির্ণয়ের চিন্তা করি।
কিবরিয়ার শ্বশুর আব্দুর রশিদ বলেন, আপনারা সবাই কিবরিয়া এবং স্মৃতির জন্য দোয়া করবেন। তারা যেন ভালো থাকে এবং নিয়মিত রক্তদান করতে পারে।
সংগঠনের সভাপতি আরিফুর রহমান বলেন, কিবরিয়া যখন আমার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছিল, তখনই আমার খুব ভালো লেগেছিল। সেই ভালোলাগা থেকেই এমন মহৎ কাজে অংশীদার হয়েছি। বিয়েতে প্রায় দুই শতাধিক অতিথি এসেছিলেন। এর মাঝে ১০০ অতিথির বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করতে পেরেছি।
ক্যাম্পেইন শেষে ‘রক্তদানে আমরা ময়মনসিংহ’-এর পক্ষ থেকে নবদম্পতির হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।