দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের পথসভায় যোগ দিবেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।
পথযাত্রার কর্মসূচি উপলক্ষে শহরের কয়েকটি স্থানে তোরণ নির্মাণ করেন এনসিপির স্থানীয় নেতাকর্মীরা। তবে বৃহস্পতিবার রাতে কলেজরোড চত্বরে এনসিপির তোরণে আগুন দেয় দুর্বৃত্তরা।
পথযাত্রার আয়োজকরা জানান, কর্মসূচিকে দুদিন আগে থেকেই পাড়া-মহল্লায় মাইকিংসহ নানা প্রচার প্রচারণা চালানো হয়। ইতোমধ্যে শহরের বিভিন্ন স্থানে এনসিপির নেতাকর্মীদের ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে। সরকারি তোলারাম কলেজের প্রবেশ পথে কলেজ রোড চত্বর, চাষাড়া মোড় ও মন্ডলপাড়া তোরণ নির্মাণ করা হয়।
এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে শহরের কলেজ রোড চত্বরে তোরণে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানান এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলার যুগ্ম সম্বনয়কারী আহমেদ তনু। তিনি বলেন, ঘটনার পরপরই পুলিশ সেখানে গেলেও কাউকে আটক কতে পারেনি। এ ঘটনার পর থেকে উদ্বিগ্ন আয়োজকরা।
এনসিপির যুগ্ম সদস্য সচিব আল আমিন বলেন, এদিন মুন্সিগঞ্জে কর্মসূচি শেষে বিকাল ৩টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ থেকে পথযাত্রায় যোগ দেওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের। কর্মসূচির ১৮তম দিনে প্রথমে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাকর্মীদের নিয়ে পদযাত্রাটি বি-বি রোডের নিতাইগঞ্জ থেকে চাষাড়া চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে বিজয় স্তম্ভের সামনে ট্রাকে ভ্রাম্যমাণ মঞ্চ পথসভার বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ আরো অনেকে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন জানান, নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথযাত্রাসহ কয়েকটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় সড়ক-মহাসড়ক ও সভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত রাত দুর্বৃত্তরা একটি তোরণে আগুন দিয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত শুরু করেছে। যারা এই বিশৃঙ্খলার সঙ্গে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে বলেও জানান ওসি।
আরএ