দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বিভিন্ন উপজেলায় একদিনে পানিতে ডুবে দুই ভাইসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। কবিরহাট, সুবর্ণচর ও হাতিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে।
বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এ মৃত্যুগুলো হয়।
নিহতরা হলো, কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের ছিদ্দিক ভূঁইয়া বাড়ির আবু নাছেরের ছেলে রিফাত (৯) ও রিফান (৭), সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর বৈশাখী গ্রামের মো. হোসেনের মেয়ে রিয়া বেগম (৯) ও মো. হোসেনের ভাই সালাউদ্দিনের মেয়ে নাসরিন আক্তার (১১) এবং হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের লামছরি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে নিহা (৫)।
কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার উল আলম ও হাতিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই দিদার বলেন, দুপুর পৌনে ১টার দিকে রিফাত ও তার ভাই রিফান পুকুরের পাশে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। ওই সময় প্রতিবন্ধী রিফাত ও তার ভাই রিফান পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকেই মৃত ঘোষণা করেন।
এদিকে এএসআই জহির বলেন, নিহা সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে পুকুরের পানিতে ডুবে যায়।
অন্যদিকে, সুবর্ণচর উপজেলার চর বৈশাখী গ্রামে ঢাকা থেকে ঈদ করতে আসা রিয়া বেগম (৯) ও তার চাচাতো বোন নাসরিন আক্তার (১১) মারা যায়। তারা সাঁতার জানত না। বুধবার বেলা ৩টার দিকে দুই বোন পুকুরের পানিতে ডুবে যায়।
চরজব্বার থানার উপ-পরিদর্শক (এএসআই) আবদুল ওয়ারেছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।
প্রসঙ্গত, আজকের এই মৃত্যুগুলো নিয়ে গত তিন দিনে জেলায় ৮ শিশুর মৃত্যু হলো।