দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে প্রকাশিত হয়েছে। এবার অনেকটাই ফলাফল বিপর্যয় নেমে এসেছে। তবে বরাবরের মতোই শতভাগ সফলতা অর্জন করেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার নিজ গ্রাম কুতুবপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত তাঁর স্বপ্নের স্কুল শহীদ স্মৃতি বিদ্যাপীঠের শিক্ষার্থীরা।
জেলার মাধ্যমিক পর্যায়ের ২৭০টি বিদ্যালয়ের মধ্যে এ বছর একমাত্র হুমায়ূন আহমেদের স্কুলটিই শতভাগ সফলতা অর্জন করার গৌরব অর্জন করেছে। এতে খুবই খুশি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবাই।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠ সূত্রে জানা গেছে, এ বছর এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটির ৫৬ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের বাণিজ্য বিভাগের ৯ জন, মানবিকের ১৪ জন এবং বিজ্ঞান বিভাগের ৩৩ জন। পরীক্ষায় অংশ গ্রহনকারী সবাই উত্তীর্ণ হয়েছে এবং জিপিএ ৫ পেয়েছে ২৮ জন। এছাড়া গত ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় এ স্কুলের ৪৯ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছিল এবং জিপিএ ৫ অর্জন করেছিল ৪৮। ২০০৬ সালে স্কুলটির পাঠদান কার্যক্রম শুরুর পর থেকেই প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ ৫ অর্জনসহ শতভাগ সফলতা লাভ করে আসছে প্রতিষ্ঠানটি।
শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, আমরা বরাবরের মতো এবারো শতভাগ সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারায় সন্তুষ্ট। কারণ এ বছর সারাদেশেই ফলাফল অনেকটাই খারাপ হয়েছে। বিশেষ ময়মনসিংহ বিভাগের গড় পাসের হার ৫৮.২২ শতাংশ। তবে এ বছর আমাদের আশানুরূপ জিপিএ ৫ অর্জন হয়নি। তারপরও আলহামদুলিল্লাহ। যা হয়েছে, ভালোই হয়েছে।
প্রধান শিক্ষক আরো জানান, ২০০৬ সালে মাত্র ৪৮ শিক্ষার্থী নিয়ে স্কুলটি চালু করেছিলেন হুমায়ূন স্যার। এ স্কুলটি স্যারের স্বপ্নের স্কুল ছিল। স্কুলটি নিয়ে তিনি অনেক বড় স্বপ্ন দেখতেন। কিন্তু এরইমধ্যে স্যার মারা যান। তারপর স্কুলের দায়িত্ব নেন স্যারের সহধর্মিনী মেহের আফরোজ শাওন ম্যাডাম। স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের সার্বিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি বরাবরই শতভাগ সফলতা অর্জন করে আসছে। ২০১৯ সালে স্কুলটিকে এমপিওভুক্ত করা হয়। বর্তমানে স্কুলে ৩১৯ জন শিক্ষার্থীর জন্য ১৩ জন শিক্ষক-শিক্ষিকা এবং ৬ জন কর্মচারী রয়েছেন বলেও জানান তিনি।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বলেন, হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত স্কুলটি সত্যি খুব চমৎকার। এই স্কুলের শিক্ষার্থীরা লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ প্রতিটি ক্ষেত্রেই সফলতা অর্জন করে আসছে। এরইমধ্যে আমি বেশ কয়েকবার স্কুলটি পরিদর্শন করেছি। এ বছর উপজেলার সর্বোচ্চ সংখ্যক জিপিএ ৫ অর্জনসহ শতভাগ সফলতা লাভ করায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। প্রতিষ্ঠানটির জন্য প্রয়োজনীয় যা প্রশাসনের পক্ষ থেকে সবই করা হবে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বে থাকা নেত্রকোনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপ্না রানী সরকার বলেন, জেলায় মাধ্যমিক পর্যায়ে সরকারি বেসরকারি মিলিয়ে মোট বিদ্যালয় রয়েছে ২৭০টি। এরমধ্যে শতভাগ সফলতা অর্জন করা একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান হল শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। শতভাগ সফলতা অর্জন করায় আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।