দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু দ্বিতীয়বারের মতো বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। ভেঙে পড়া অংশটি নিয়ে কিছুক্ষণ এগোনোর পরে বাল্কহেডটিও নদীতে ডুবে যায়।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলার নড়িয়া বাজার সংলগ্ন কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।
এর আগে গত বছরের ২ অক্টোবর সেতুটি আরেকবার বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছিল।
স্থানীয় সূত্রে জানায়, দীর্ঘদিন ধরে কীর্তিনাশা নদীর ওপর ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলমান আছে। নির্মাণকাজের সুবিধার ২০২৩ সালের ডিসেম্বর মাসে পুরোনো সেতুটি ভেঙে ফেলা হয়। এরপর থেকে নদী পারাপাড়ের জন্য ট্রলারের ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে জনসাধারণের হাঁটাচলার জন্য নদীর ওপর একটি ফুটওভার সেতু নির্মাণ করা হচ্ছিল। গত বছরের ২ অক্টোবর একটি বালুভর্তি বাল্কহেড ফুট বেইলি সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় সেতুর পিলারের সঙ্গে ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে পরে। এদিকে একই ফুটওভার সেতুটিতে সোমবার সকালে একটি বালুবোঝাই বাল্কহেড ধাক্কা দেয়। এতে সেতুটির একটি অংশ ভেঙে বাল্কহেডে পড়ে যায়। পরে সেতুটির ভাঙা অংশসহ বাল্কহেডটি কিছুদূর এগিয়ে পাড়ে ভিড়ানোর সময়ে বাল্কহেডটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়।
এ বিষয়ে রাশেদ মোল্লা ও স্থানীয় একজন ব্যবসায়ী বলেন, অনেক বছর ধরে এই পারাপারে ভোগান্তি পোহাতে হচ্ছে। নদী পার হতে ট্রলারই একমাত্র ভরসা। হাঁটার জন্য যে সেতুটা বানানো হচ্ছিলো, সেটাও এখন ধ্বংস হয়ে গেল। এতদিন পর একটা সামান্য ফুটওভার ব্রিজ, সেটাও ঠিকমতো শেষ হলো না—উল্টো দুর্ঘটনায় গেল। আমরা দ্রুত পূর্ণাঙ্গ সেতুর নির্মাণ শেষ দেখতে চাই।
একাধিকবার নদী পার হওয়া মঞ্জু বেপারি বলেন, সকালেই চোখের সামনে দেখি সেতুর বড় একটা অংশ পানিতে পড়ে গেল। এ যেন দুর্ভোগের শেষ নেই। ট্রলারেই ঝুঁকি নিয়ে চলতে হয় প্রতিদিন। যে সেতুটা একটু হাঁটার সুযোগ দিচ্ছিল, সেটাও আর রইল না। কর্তৃপক্ষের উচিত দ্রুত ও স্থায়ী সমাধান নিশ্চিত করা।
এ বিষয়ে এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী এস এম রাফেউল ইসলামকে জানতে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের মুঠোফোন ও হোয়াটসঅ্যাপে নাম্বারে কল দিলেও তিনি তা রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, আমি আইনশৃঙ্খলা সংক্রান্ত মিটিংয়ে আছি। বিষয়টি খোঁজখবর নিয়ে দেখবো। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।
আরএ