দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ শহরের দীর্ঘদিনের দুর্ভোগের অন্যতম কারণ অপরিকল্পিতভাবে গড়ে ওঠা ঢাকা বাসস্ট্যান্ড অবশেষে সরিয়ে নেওয়ার উদ্যোগ বাস্তবে রূপ নিচ্ছে। শহরের বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনালে থাকা প্রায় ১০বিঘা সরকারি জমি ইতোমধ্যেই পৌরসভার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।
এ বিষয়টি দেশ টিভিকে নিশ্চিত করেছেন নওগাঁ পৌরসভার প্রশাসক ও উপসচিব টি.এম.এ. মমিন।
জানা গেছে, শহরের প্রধান প্রবেশপথে অবস্থিত এই অপরিল্পিত বাসস্ট্যান্ডটি দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে পরিচিত। সরু সড়কের দুই পাশে বাস রাখার কারণে প্রতিদিনই শহরবাসী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দিনের অধিকাংশ সময় এই যানজট ভয়াবহ রূপ নেয়। যার ফলে নষ্ট হয় শত শত কর্মঘণ্টা। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে নাগরিক সমাজসহ বিভিন্ন মহলে অসন্তোষ থাকলেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল।
নওগাঁর স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিত্ত্ব ও সমকাল সুহৃদ সমাবেশের জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী চন্দন কুমার দেব বলেন, “নওগাঁ শহরের গলার কাঁটা এই বাসস্ট্যান্ড। রাজনৈতিক স্বার্থের কারণে এতদিন এটি অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে সঠিক সিদ্ধান্তটি এসেছে।”
নওগাঁ পৌর প্রশাসক টি.এম.এ. মমিন জানান, বালুডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকেই ইতোমধ্যেই আন্তঃজেলা বাস চলাচল করছে। কিন্তু শুধুমাত্র ঢাকা ও বগুড়াগামী বাসগুলো শহরের গেটেই অবস্থান করায় তাজের মোড় থেকে পানি উন্নয়ন বোর্ড পর্যন্ত প্রায় প্রতিদিন যানজট লেগেই থাকে। এই এলাকায় জেলা স্টেডিয়াম, ফায়ার সার্ভিস ও পানি উন্নয়ন বোর্ডের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।
তিনি আরও বলেন, “বর্তমান জেলা প্রশাসক যোগদানের পর বিষয়টি অগ্রাধিকার তালিকায় এনে দ্রুত পদক্ষেপ নেন। ইতোমধ্যে জমি হস্তান্তর ও প্রাথমিক কাজ শুরু হয়েছে। শহরবাসীর সহযোগিতা পেলে শিগগিরই বাসস্ট্যান্ড স্থানান্তর সম্ভব হবে।”
নওগাঁ শহরকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য আধুনিক মডেল শহরে পরিণত করার লক্ষে প্রশাসনের এমন উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। সচেতন মহলের দাবি, দ্রুত কাজ সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ লাঘব করাই এখন সময়ের দাবি।
আরএ